আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনও পরাজিত হবেন না, তিনি পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের লক্ষ্যে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভায় তিনি একথা বলেন।
জনগণের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বিএনপিসহ একটি চিহ্নিত মহলের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তারা দেশ-বিদেশে শেখ হাসিনার উন্নয়ন, জনপ্রিয়তা ও সততার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
বিএনপি মহাসচিব তার মনের কথা গোপন রাখতে পারে নাই, তাই তিনি পাকিস্তান আমলে ভালো ছিলেন বলে যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা পাকিস্তানপন্থীদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি না,এটাই আমাদের শপথ।
ওবায়দুল কাদের বলেন, ৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কাজেই মির্জা ফখরুল পাকিস্তানের পক্ষে নিলে তো আওয়ামী লীগের গাত্রদাহ হবেই। আওয়ামী লীগ কখনো আক্রমণকারীর ভূমিকায় নয়, আওয়ামী লীগ সংযমী তবে সতর্ক থাকবেন বলেও জানান ওবায়দুল কাদের।
দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেউ যদি হামলা মামলায় জড়িত হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি এবিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ অন্যান্য কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।