আমি যুদ্ধের মাঠে আপনাদের সঙ্গে আছি: তাবিথ আউয়াল

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেছেন, আমি যুদ্ধের মাঠে আপনাদের সঙ্গে আছি।

তিনি আরো বলেন, দেশে বিচার চেয়ে লাভ নেই। তাই কারো কাছে বিচার চাইব না। জনগণই একদিন বিচার করবে। 

সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির গুলশান জোনের উদ্যোগে মহাখালীতে গাউসুল আজম জামে মসজিদসংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব বলেন। 

শনিবার বনানীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির শেষ পর্যায়ে হামলার শিকার হন তাবিথ আউয়াল। সঙ্গে সঙ্গে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নিজের ছেলেকে দেখতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও তাবিথের বাবা সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া এ দেশে কেউ বিচার পায় না। থানায় গেলে মামলাও নেয় না। তাই সরকারের কাছে বিচার চাই না। বিচারের ভার দেশের জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণই একদিন সব অত্যাচারের, হামলা-মামলার বিচার করবে।’

হাতে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড় নিয়ে কর্মসূচিতে যোগ দেন তাবিথ আউয়াল। সমাবেশ শেষে গুলশানের বাসায় ফিরে যান তিনি। 

বাসায় বিশ্রাম নিয়ে মঙ্গল অথবা বুধবার আবার চেকআপের জন্য তিনি হাসপাতালে যাবেন বলে জানা গেছে।   

সমাবেশে তাবিথ আউয়াল তার বক্তব্যে বলেন, ‘আমরা সবাই প্রস্তুত আছি। আমি যুদ্ধের মাঠে আপনাদের সঙ্গে আছি। এ কথা আপনাদের বলতেই আজ এখানে এসেছি। আহত করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

তিনি বলেন, ‘এখন আর কারও কাছে বিচার চাইব না, বিচার চেয়ে লাভ নেই। বিচার করবে দেশের জনগণ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমরা রাজপথে ফয়সালা করে তবেই ঘরে ফিরব।’

বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কামরুজ্জামান রতন, সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতানা আহমেদ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। 

সমাবেশে বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।