গাজীপুরে পুলিশ পরিচয়ে রিকশাচালক থেকে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ।
রবিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ওডেসা গার্মেন্টসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইলের কালিহাতি থানার ছুনুটিয়া গ্রামের বাসিন্দা ও জেলা পুলিশের সদস্য মনির হোসেন তালুকদার (২৮), তার সহযোগী টাঙ্গাইলের দেলদুয়ার থানার গড়াসিন গ্রামের সজীব সরকার (২৭)।
এ ঘটনায় রিকশাচালক মো. বাচ্চু মন্ডল বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে বাসন থানয় মামলা দায়ের করেন। সোমবার আসামিদের গাজীপুর আদালতে নেয়া হলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে রিকশাচালক মো. বাচ্চু মন্ডল চান্দনা এলাকা থেকে রিকশা চালিয়ে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ওডেসা গার্মেন্টেসের কাছে এসে পৌঁছালে মনির হোসেন তালুকদার ও সজীব সরকার নিজেদের পুলিশ পরিচয় দেন। তারা সামনে দাঁড়িয়ে রিকশা থামাতে বলেন। রিকশাচালকের কাছে অবৈধ জিনিসপত্র আছে বলে তাকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে চড়-থাপ্পড় মেরে জোরপূর্বক তার শার্টের পকেট হতে নগদ ৬১০ টাকা কেড়ে নেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
এ সময় উপস্থিতদের মধ্যে অপর রিকশাচালক মো. শাহিন ঘটনাস্থলে এসে জানান, ওই দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার কাছ থেকেও তিন হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন।
খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য মনির হোসেন তালুকদার ও তার সহযোগী সজীব সরকারকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে দুই রিকশাচালকের কাছ থেকে ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার করা হয়।
উপস্থিতদের সামনে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে আটকরা দুই রিকশাচালকের কাছ থেকে জোরপূর্বক টাকা কেড়ে নেয়ার কথা স্বীকার করেন।
বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, গ্রেপ্তার মনির হোসেন তালুকদার জেলা পুলিশের সদস্য। তিনি ডেপুটেশনে সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্বপালন করে আসছিলেন।