সোমবার রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে লাঠি হাতে অংশ নিতে দেখা গেছে কয়েকজন কর্মীকে। তারা জানান ‘প্রতিরোধের প্রস্তুতি নিয়ে’ লাঠি হাতে সমাবেশে এসেছেন তারা।
এর আগে রবিবারের সমাবেশে বিএনপি নেতারা প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন।
সোমবারের সমাবেশে লাঠি হাতে অংশ নেয়া শওকত উল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা বানের জলে ভেসে আসিনি। অন্যায়ভাবে মার খাওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। কেউ যদি আমাদের আঘাত করতে আসে তার প্রতিবাদ জানানোর অধিকার আমার আছে। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এ অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। এটা আমার সাংবিধানিক অধিকার।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক (সাবেক), ১৭ নম্বর ওয়ার্ড খিলক্ষেত থানার এ নেতা বলেন, ‘গত শনিবার গুলশানে আমাদের শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তাদের হামলায় আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জ্যেষ্ঠ নেত্রী বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মিন্টুসহ কয়েকজন আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাদের নিরাপত্তা না দিয়ে বরং তাকিয়ে তাকিয়ে দেখেছে। এটা খুবই অন্যায় হয়েছে। এভাবে চলতে পারে না।’
তিনি বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বাকশালে বিলীন হওয়া আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয় বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আজকে দেশে যে সংসদীয় গণতন্ত্র তা খালেদা জিয়াই প্রতিষ্ঠা করেছেন। গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হত্যা করেছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, খুন, হামলা-মামলা-নির্যাতন করা হচ্ছে। আগামী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করাই আমাদের দলের লক্ষ্য। মানুষের ভোটাধিকার, মানবাধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো মূল্যে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব’।
তিনি বলেন, আমাদের স্লোগান একটাই টেক ব্যাক বাংলাদেশ। রাজপথে নেমেছি, যেকোনো মূল্যে রাজপথে থাকব। দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে-এ স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি।
শনিবার বনানীতে হামলার প্রতিবাদে রবিবার নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, আঘাত আসলে আঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।
তারা ইটপাটকেল মারলে লাঠি নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।