২০২৪ কমনওয়েলথ কারাতে বাংলাদেশে

ভারত, ত্রিনিদাদ, নামিবিয়া, মরিশাস ও বতসোয়ানার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২০২৪ সালের ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক স্বত্ব পেয়েছে বাংলাদেশ। গতকাল এই তথ্য জানান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুদক কমিশনার মোজাম্মেল হক খান। গত বছর নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কারাতে কংগ্রেসে চ্যাম্পিয়নশিপটি আয়োজনের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে ২ আগস্ট থেকে বাংলাদেশ সফর করেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের প্রেসিডেন্ট সনি পিল্লাই। ৭-১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ কারাতে কংগ্রেসে ১১তম আসর আয়োজনে বাংলাদেশসহ ৬টি দেশের নাম প্রস্তাব করা হলেও বাংলাদেশকে স্বাগতিক হিসেবে ঘোষণা করা হয়। পরে বাংলাদেশের প্রতিনিধি সাবেক কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয় ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজন পতাকা।

গতকাল এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা জানান, কমনওয়েলথ সদস্যভুক্ত ৪০টি দেশের প্রায় ২ হাজারের মতো খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন ২০২৪’র আসরে। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন ৬০ থেকে ৭০ জন কারাতেকা। এই আসরে প্রত্যাশিত ফল পেতে স্বাগতিক কারাতেকাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনার কথা বলেছেন ফেডারেশন কর্তারা।