ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ‘ফিপরেসি’ এই আয়োজনের সহ-আয়োজক। ২০ সেপ্টেম্বর কলকাতার নন্দনে হবে উৎসবের উদ্বোধন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। প্রথমবারের এই আয়োজনে ফোকাস করা হবে বাংলাদেশের চলচ্চিত্র। উৎসবের উদ্বোধনী ছবি বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’। এ ছাড়া প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রিপলস’। উৎসবে থাকবে আন্তর্জাতিক বিভাগের ৯টি ছবি। এর মধ্যে আছে মিসর, ইকুয়েডর, কাজাখস্তান, ব্রাজিল, পর্তুগাল, নেপাল ও ইরানের ছবি। ইন্ডিয়ান প্যানারোমা বিভাগে দেখানো বিভিন্ন রাজ্যের আটটি ছবি। শ্রীলঙ্কার তরুণ পরিচালক অশোক হান্দাগামার রেট্রোস্পেকটিভে দেখানো হবে তার বিখ্যাত ও বিতর্কিত ছবিগুলো। উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও উপস্থিত থাকবেন। এ ছাড়া থাকবেন ফিপরেসির সভাপতি ভি কে যোসেফ, পরিচালক অতনু ঘোষ ও অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।