খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজার কার্যকারিতা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। দুর্নীতির মামলায় দ-িত হওয়ার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো শর্তসাপেক্ষে তার মুক্তির মেয়াদ বাড়ল।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত রবিবার মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। আগের মতো এই দুই শর্তে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় ১৭ বছরের কারাদ- পাওয়া খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে কারাবাস থেকে মুক্তি পান তিনি। ৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন বলে তার চিকিৎসকরা জানিয়ে আসছেন। গত বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।