রানীর শেষকৃত্যে ‘গড সেভ দ্য কিং’ গাইলেন না হ্যারি!

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন তখন শায়িত। তার সামনে দাঁড়িয়ে রাজপরিবারের সদস্যরা গাইছেন জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং’। কিন্তু সেই গানে গলা মেলালেন যুবরাজ হ্যারি! যা নিয়ে যুক্তরাজ্য জুড়ে বিতর্ক শুরু হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রানীকে চিরবিদায় জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। দুই হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। তবে আলাদা করে নজর কেড়েছেন হ্যারি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একপি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, ‘গড সেভ দ্য কিং’ যখন গাওয়া হচ্ছে, তখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন হ্যারি। তা হলে কি তিনি সেই সময় জাতীয় সঙ্গীতে গলা মেলাননি? এ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন, হ্যারি গলা মিলিয়েছেন। আবার কারও দাবি, হ্যারি সেই সময় জাতীয় সঙ্গীত গাননি। এ নিয়ে জোর তর্ক-বিতর্ক শুরু হয়েছে নেটমাধ্যমে।

তবে বিতর্ক নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও হ্যারি বা ব্রিটেনের রাজ পরিবারের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।

প্রসঙ্গত, হ্যারির সঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের দূরত্বের কথা সবা্রই জানা। স্ত্রী মেগানকে নিয়ে রাজপরিবার ছেড়ে বর্তমানে আমেরিকায় থাকেন হ্যারি। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ব্রিটেনে। হ্যারির এই সিদ্ধান্ত রাজপরিবার ভাল চোখে নেয়নি বলেই ব্রিটেনের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল। 

রানির প্রয়াণের পর সম্প্রতি একটি ব্রিটিশ ট্যাবলয়েডে দাবি করা হয়েছে, চার্লস হ্যারিকে বলেছেন, এই রকম দুঃখের সময়ে বালমোরাল প্রাসাদে মেগানকে আনা যথাযথ হবে না। কারণ হিসেবে চার্লস জানান, উইলিয়াম-পত্নী কেটও আসবেন না। একেবারে পরিবারের কাছের লোকজনকে ডাকা হয়েছে। বারবার করে বলে দেন, মেগান যেন না আসেন।

অনেকের ধারণা, হ্যারির থেকে কয়েক বছরের বড় ও অশ্বেতাঙ্গ মেগানকে রাজপরিবারের বধূ হিসেবে মানতে পারেননি পরিবারের অনেকে। সেই থেকেই দূরত্বের শুরু।