প্রায় ৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের বিতর্কিত চেয়ারম্যান সেলিম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এই আদেশ দেন।
এর আগে, রোববার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।
গত ১৪ সেপ্টেম্বর চাঁদপুরের ‘বিতর্কিত’ চেয়ারম্যান সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট তাকে জামিন দেন।
ওইদিন আদালতে সেলিম খানের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টবারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির। অপরদিকে দুদকের পক্ষ ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এর আগে, গত ১ আগস্ট পদ্মা ও মেঘনা নদী থেকে বালু উত্তোলন এবং প্রতারণা করে প্রায় ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুদকের অনুসন্ধানে সেলিম খানের নামে ৩৪ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য মিলেছে। জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ সম্পদের দালিলিক মূল্য অনুযায়ী মোট সম্পদের হিসাব করা হয়েছে। অনেক ক্ষেত্রে তিনি সম্পদের দাম কম উল্লেখ করে দলিল রেজিস্ট্রি করেছেন। প্রকৃত ও বাজারমূল্য অনুযায়ী তার নামের স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য শতকোটি টাকা ছাড়িয়ে যাবে।
‘বালুখেকো’ হিসেবে পরিচিত সেলিম খানের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।