'ডন ৩'-এ শাহরুখের সঙ্গে থাকবেন রণবীর সিং

এবার কি 'ডন ৩'-এ শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণবীর সিং?

বেশ কিছুদিন আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছিল, 'ডন ৩'-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউড শাহেনশা আমিতাভ বচ্চনকে। এবার এই খবরকে আরো একটু উসকে দিলেন পর্দার আলাউদ্দিন খিলজি ওরফে রণবীর সিং। ইন্ডাস্ট্রির ভেতরে কান পাতলে শোনা যাচ্ছে, ফারহান আখতারের 'ডন ৩-এ নাকি ক্যামিও চরিত্রে দর্শকের মনোরঞ্জন করতে দেখা যেতে পারে রণবীরকে।

ফারহান অবশ্য এখনো ছবির স্ক্রিপ্ট নিয়ে মুখ খোলেননি। শুধু এটুকুই জানিয়েছেন, সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ এখনো চলছে। স্ট্রং স্টারকাস্ট নিয়েই দর্শকের সামনে হাজির হবে 'ডন ৩।

'ডন ৩' নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের খবর প্রকাশ হয়। কখনো শোনা যায়, ফারহান আখতার এই ছবি থেকে সরে যাওয়ায় শাহরুখ খানকেও 'ডন ৩'-এ দেখা যাবে না। আবার এমনটাও গুঞ্জন ছিল. শাহরুখ নাকি রাকেশ শর্মার বায়োপিকে কাজ করার জন্য 'ডন ৩' থেকে সরে যাচ্ছেন। তবে এই ছবির কাজ আপাতত শুরু হচ্ছে না বলেই নাকি 'ডন ৩'-এ ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এই ছবি নিয়ে টালবাহানার মাঝেই 'ডন ৩'-এর খবরে নতুন যোগ- রণবীর সিং।

সম্প্রতি রীতেশ সিদওয়ানি ইনস্টা হ্যান্ডেলে ফারহান আখতারের একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'যখন পেন আর কাগজ হাতে আসে তখন ১০০ শতাংশ মনোযোগ কাজেই থাকে। অনেকদিন পর আবার লেখকের ভূমিকায় কামব্যাক করল। কী বিষয়ে লিখছে আন্দাজ করুন।'

রীতেশের এই পোস্ট থেকেই ভক্তদের ধারণা 'ডন ৩' নিয়েই কাজ করছেন ফারহান।

ডনের দুটি পর্বের চূড়ান্ত সাফল্যের পর 'ডন ৩' থেকে কেন সরে গেলেন সুপারস্টার শাহরুখ? কিছুদিন আগেও এই খবর ভাবাচ্ছিল তার ভক্তদের। সে সময় ইন্ডাস্ট্রির কানাঘুষো ছিল, ২০১৮ সালে ১৮৬ কোটির ছবি 'জিরো'-র বক্স অফিস সাফল্যও ছিল জিরো। এরপর থেকেই নাকি ছবির স্ক্রিপ্ট নিয়ে কাটাছেঁড়াটা একটু বেশি করেন শাহরুখ।

শুধু শাহরুখেরই 'ডন ৩' থেকে সরে যাওয়া নয়, ফারহান আখতারও নাকি সিনেমার স্ক্রিপ্ট লিখছেন না বলে খবর বের হয়। এরপরই অনেকে মনে করেছিলেন, ফারহান সরে যাওয়ার জন্যই নাকি 'ডন ৩' থেকে শাহরুখও নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া