'অডিশনের মঞ্চে চিশতী বাউল' বিতর্ক, শুধুই 'ভুল বুঝাবুঝি'

'যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে' বা 'বেহায়া মন' গানের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাওয়া প্রখ্যাত বাউল শামসেল হক চিশতীকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গানের অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে দেখা যাওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

চিশতী বাউলকে 'ম্যাজিক বাউলিয়ানা'র মঞ্চে সাধারণ একজন প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর ফলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনুষ্ঠানটির আয়োজকরা পড়েন সোশাল মিডিয়ার তোপের মুখে। বিষয়টি সংগীতপ্রেমীরা কেউই মানতে পারছেন না। এটাকে একজন শীর্ষ বাউল শিল্পীর চরম অবমাননা বলে মন্তব্য করছেন সবাই।

তবে বিষয়টি মোটেও এমন নয় বলে জানিয়েছেন স্বয়ং চিশতী বাউল। যোগাযোগ করা দেশের শীর্ষ এই বাউল দেশ রূপান্তরকে বলেন, 'যারা এসব কথা বলছে তারা না জেনে না বুঝে বলছে। এমন কিছুই হয়নি। আমি নিজ ইচ্ছায় গেছি। তারা সবাই আমারে খুব সম্মান করেছে। আর ওখানে যারা বিচারক তারা সবাই আমার ছোট। তারা আমারে যথেষ্ট সম্মান করেছে। আমি যে ১৫টা দিন ওখানে ছিলাম, আমার খুবই ভালো সময় কেটেছে। আমি ছোটদের সাথে গান করেছি। তারা আমারে খাতির-যত্ন, আদর-আপ্যায়ন ভালোই করেছে।'

শুধুমাত্র একটু আনন্দ করার উদ্দেশ্যেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেন সাধক হালিম বয়াতীর শিষ্য চিশতীয়া তরিকার এই দেশখ্যাত বাউল।

কেন চিশতী বাউল প্রতিযোগিতায় অংশ নিলেন, কেনই বা এই খ্যাতিমান বাউল শিল্পীকে প্রতিযোগী বানানো হলো- এমন প্রশ্নের জবাব খুঁজতে যোগাযোগ করা হয় প্রতিযোগিতার সহকারী মেন্টর এবং ট্রেনার সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বীর সঙ্গে। দেশ রূপান্তরকে রাব্বী বলেন, 'উনি (চিশতী বাউল) প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন শুনে আমি বিস্মিত হই। এটা কিভাবে সম্ভব? আর কেনই বা উনি অংশ নেবেন? আমরা তার সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করি এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা তার জন্য অবমাননাকর, একই সঙ্গে আমাদের জন্যও বিব্রতকর। উনি আমাদের কোনো কথাই শোনেননি। প্রতিযোগিতায় অংশ নেন। বলেন, নিজের গানগুলোর প্রচার করতেই তিনি এখানে এসেছেন। আমরা যথাসম্ভব চেষ্টা করি তাকে নিবৃত্ত করার। কিন্তু তিনি কারো কথা শোনেননি। থেকে যান এবং প্রতিযোগিতায় অংশ নেন।'

রাব্বী আরো বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন তারা হয়তো মূল বিষয়টি সম্পর্কে একেবারেই অবগত নন। না জেনেই কথা বলছেন। আসলে জেনে কথা বলা উচিত।'

এ বিষয়ে দেশ রূপান্তরের সাথে কথা হয় ম্যাজিক বাউলিয়ানা অনুষ্ঠানটির প্রচারকারী বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার ইনচার্জ প্রোগ্রাম এ এম আরিফুর রহমানের সাথে। তিনি বলেন, 'তিনি (চিশতী বাউল) সর্বজনশ্রদ্ধেয় একজন মানুষ, তাকে অসম্মান করার তো প্রশ্নই ওঠে না। আমরা বার বার তাকে নিরুৎসাহিত করেছি অডিশন দেওয়ার জন্য। কিন্তু তিনি আমাদের কারো কোনো কথা শোনেননি। তার মতো ব্যক্তিত্বকে তো আমরা অসম্মান করতে পারি না। আমরা তাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছি। তার থাকা-খাওয়া এবং তাকে ক্যাম্পে রাখার সর্বোৎকৃষ্ট বন্দোবস্ত করেছি। তাকে অসম্মান বা অবমানান করা হয়েছে এমন অভিযোগ যদি কেউ করে থাকেন, তবে তিনি না জেনে এমনটা করছেন। আশা করি, এই ধরনের ভুল বুঝাবুঝির অবসান হবে।'