বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মান্নান কারাগারে

বগুড়ায় মারধর ও হত্যাচেষ্টার মামলায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান আকন্দকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার সকাল ১০টার দিকে সদর আমলি আদালতে জামিনের আবেদন করেন। জামিন নামঞ্জুর করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক কারাগারে পাঠানোর আদেশ দেন।

বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী।

বগুড়া সদর থানায় মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রেলওয়ের কর্মচারী কল্যাণ ট্রাস্টের মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান চলাকালে রায়হান আলী নামে রেলওয়ের এক কর্মচারীকে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় হত্যাচেষ্টা, চুরি ও মারধরের অভিযোগে আহত রায়হানের বাবা হায়দার আলী সরকার ওই মার্কেট নির্মাণের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দকে প্রধান আসামি করে ৫১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

সেই মামলায় প্রধান আসামি হিসেবে জামিন নিতে বুধবার সকালে সদর আমলি আদালতে হাজির হন আব্দুল মান্নান আকন্দ।

পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালতে আব্দুল মান্নান আকন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আব্দুল মান্নান আকন্দের পক্ষের আইনজীবী রেজাউল করিম মন্টু বলেন, আদালতে জামিন আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী জানান, আদালতের আদেশ পাওয়ার পরেই আব্দুল মান্নান আকন্দকে কারাগারে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আব্দুল মান্নান আকন্দ বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। অপরদিকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন  প্রতিদ্বন্দ্বিতা করবেন।