বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘আমরা বর্তমান হাতের জোরের সরকারকে মানি না। এই সরকার অবৈধ। আপনারা চায়ের দাওয়াত দিবেন আবার চাইনিজ রাইফেল দিয়ে মানুষ মারবেন,সেটা হবে না। দেশ ও দেশের জনগণের ভালো চাইলে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ না করলে শ্রীলঙ্কার মতো নেতাদের গায়ের গেঞ্জিও থাকবে না।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, তার সহধর্মিণী শামীমা বরকত ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে ফারুক বলেন, বরকত উল্লাহ বুলু কখনো স্বৈরচারী সরকারের কাছে মাথানত করেননি। আজকে তার ওপর হামলা হয়েছে। যা অত্যন্ত পরিকল্পিত ও ন্যাক্কারজনক। আসলে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল।
দুর্ভাগা দেশ, দুর্ভাগা দেশের মানুষ উল্লেখ করে তিনি বলেন, রাতের আঁধারে ব্যালটে সিল মেরে ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। তারা এখন জাতীয়তাবাদী নেতাদের ওপর হামলা করছে। আর পুলিশ তাদের সহযোগী হয়েছে।’
ফারুক বলেন, সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আজকে দেশের লাখো মানুষ জেগে উঠেছে। তারা সরকারের গর্জনকে ভয় পায় না। এই ভোট ডাকাত, ব্যাংক ডাকাত ও লুটেরা সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ। এখন দাবি একটাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনতে হবে, ইনশাআল্লাহ। এই গণতান্ত্রিক আন্দোলনে আঘাত আসবে। কিন্তু আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে হবে।’
সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, বর্তমান যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রিপন, জিয়া নাগরিক ফোরামের মিয়া মো: আনোয়ার প্রমুখ।