আফগানিস্তান শিক্ষামন্ত্রীর পদে ধর্মীয় নেতা

নিজের অনুগত একজন ধর্মীয় নেতাকে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। মেয়েদের মাধ্যমিক শিক্ষার নিষেধাজ্ঞা জোরদারের মধ্যেই নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল্লাহ আগা। যদিও মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি তালেবান সরকারের। এএফপির খবরে বলা হয়েছে, গত এক বছর আগে আফগানিস্তানে ক্ষমতায় ফেরে তালেবান। এরপর থেকে হাজারো কিশোরী ও তরুণী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

গতকাল ৬৮ বছর বয়সী হাবিবুল্লাহ এএফপিকে বলেন, আমরা নিজেদের থেকে কোনো পরিকল্পনা করি না। আমরা এই কাজটা করি না। বরং সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনা অনুযায়ী আমি কাজ করব। তবে নারীশিক্ষার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি বলে দাবি তার। হাবিবুল্লাহ তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ সালের প্রথম শাসন আমলে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। গত মার্চে মেয়েদের স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। ওই সময় দায়িত্বে ছিলেন বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির। কিন্তু সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ ওই সিদ্ধান্ত আটকে দেন। নতুন দায়িত্ব দিয়ে মুনিরকে ফতোয়া পরিষদের প্রধান করা হয়েছে।