মিছিল-মিটিংয়ে প্রাণহানি যেন না ঘটে: নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করলে পুলিশ বাধা দেবে না, তবে রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এসব বলেন।

সভায় উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তা ডিএমপি কমিশনারের এমন নির্দেশ দেওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

কমিশনার আরো বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়ানোর জন্য কিছু মানুষ কাজ করে তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে।

এসব মিছিল-মিটিংয়ে যাতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সে দিকেও লক্ষ্য রাখতে বলেন কমিশনার।

এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ডিএমপির সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ঢাকা মহানগরের পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সে জন্য আমাদের সবাইকে পূজা চলাকালীন পরিশ্রম করতে হবে। এ বছর পূজা মণ্ডপে আনসার সদস্য স্থায়ীভাবে থাকবে।

পুলিশকেও পূজা চলাকালীন পূজা মণ্ডপে অবস্থান করে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।

গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মুলতবি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব আরোপ করেন ডিএমপি কমিশনার। এ ছাড়া ইভটিজিং প্রতিরোধ ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে কাজ করার কথা বলেন শফিকুল ইসলাম।

মাসিক অপরাধ পর্যালোচনা সভার শুরুতেই গত আগস্ট মাসের খাতওয়ারি অপরাধ চিত্র বা অপরাধ বিবরণী পর্যালোচনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার এর সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানঅতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।