সন্ধ্যার আঁধারে সবার চোখ ছিল বাফুফে পূর্ব গেটের দিকে। সাফজয়ী নারীদের প্রতিক্ষায়। হঠাৎ পশ্চিম গেট দিয়ে তাদের একজনের আগমন। তিনি ঋতুপর্ণা চাকমা। মুখে স্মিত হাসি থাকলেও মাথায় ছিল সাদা গজের চওড়া ব্যান্ডেজ। জটলার মধ্য থেকে এখন কেমন আছেন জিজ্ঞাসা করতেই দেশ রূপান্তরের এ রিপোর্টারকে ঋতুপর্ণা বলেন, ‘এখন ভালো আছি।’
কাল দুপুরে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের যাত্রাপথে আহত হন ঋতুপর্ণা চাকমা। বাস থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেওয়া হয়েছে। পরে হাসপাতাল থেকে আলাদাভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে বাফুফে ভবনে নিয়ে আসা হয়।
বাফুফের কর্মকর্তারা জানিয়েছেন, ‘বনানীতে পদচারী সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় ছাদখোলা বাসে থাকা ঋতুপর্ণার কপালে কাঠের বা ধাতব কিছুর খোঁচা লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’