৫৪ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদোন্নতি

সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি দিয়ে ৫০ জনকে পুলিশ সুপার করা হয়েছে। তাছাড়া চার পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি হিসেবেও পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল বিকেলে জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপনে কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই ২৮ ব্যাচের। তাছাড়া ২৪, ২৫ ও ২৭ ব্যাচের বাদ পড়া কয়েকজনও এবার পদোন্নতি পেয়েছেন। পুলিশ সুপার পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি যারা হয়েছেন তারা হলেনÑ পুলিশ সদর দপ্তরে কর্মরত তাপতুন নাসরীন, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ, সিআইডিতে কর্মরত জেসমিন বেগম এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হামিদা পারভীন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের মহাপরিদর্শক ৮১ জন সহকারী পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটিতে গতকাল বদলি করেছেন। গত ১১ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক থেকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। গতকাল আইজিপি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের এপিবিএন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), শিল্পাঞ্চল পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশ সদর দপ্তর, পুলিশের বিশেষ শাখা (এসবি) ও হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।