চট্টগ্রামের আনোয়ারায় পরকীয়া প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে বিষ খাইয়ে মোহাম্মদ ইলিয়াছ (৩১) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পরকীয়া প্রেমিকা মাওয়া রিপা (২৮) ও তার ভাই মো. খোরশেদকে (৩০) আটক করেছে পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১টার দিকে রায়পুর ইউনিয়নের গহিরা ফকিরহাট এলাকায় বিষক্রিয়ায় আক্রান্ত ইলিয়াছকে কে বা কারা ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহত ইলিয়াছের পরিবারের দাবি বছরখানেক আগে গহিরা বাইগ্যার ঘাট এলাকায় একটি মসজিদে ইমাম হিসেবে চাকরি করতেন ইলিয়াছ। ওই সময় সেখানকার বিবাহিত এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে ইলিয়াছকে মসজিদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
অপরদিকে, ওই নারীকে তার স্বামী তালাক দিলে সংসারটি ভেঙে যায়। এরপরও ইলিয়াছের সাথে ওই নারীর যোগাযোগ ছিল। তারই রেশ ধরে ইলিয়াছকে ডেকে এনে জোর করে বিষ খাইয়ে খুন করা হয়।
নিহতের ছোটভাই মো.ইউসুফ বলেন, তার ভাইকে বুধবার ওই নারী ফোন করে ডেকে এনে বিষ খাইয়ে খুন করেছে। তারা এ ঘটনায় থানায় মামলা করবেন।
নিহতের স্ত্রী নাহিদা আক্তার বলেন, তার স্বামী মসজিদের চাকরি ছেড়ে চলে এসেছেন আট মাস হচ্ছে। এরপরও ওই নারী তাকে বিভিন্ন সময় ফোন করে বিরক্ত করতেন। সর্বশেষ বুধবার রাতে ডেকে নিয়ে বিষ খাইয়ে তাকে খুন করা হয়।
আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, আমরা ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।