তিন সন্তানসহ ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে। ট্রাম্পের পারিবারিক কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে নিউইয়র্কে একটি তদন্তের পর এ মামলা হয় বলে জানিয়েছে বিবিসি।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বুধবার ম্যানহাটন সুপ্রিম কোর্টে ট্রাম্প ও তার তিন সন্তানসহ ট্রাম্প অর্গানাইজেশন ও অন্যদের বিরুদ্ধে মামলা করেন। তিনি নিউইয়র্কের কোনো নতুন ব্যবসায় কর্মকর্তা কিংবা পরিচালক হিসেবে ট্রাম্প ও তার সন্তানদের কাজ না করার ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন আদালতের কাছে।

অভিযোগ আছে, ট্রাম্প অর্গানাইজেশন ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে বহু জালিয়াতির কাজ করেছে। তবে ট্রাম্প অর্গানাইজেশন অন্যায় কোনো কিছু করার কথা অস্বীকার করেছে। কিন্তু তদন্তে জালিয়াতির গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। বিবিসি বলছে, তদন্তে দেখা গেছেÑ ট্রাম্পের কোম্পানি ঋণ পাওয়ার জন্য কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার আয়করে ছাড় পাওয়ার জন্য সেই সম্পত্তিরই দাম কম দেখিয়েছে। এভাবে বহু সম্পত্তির দাম নিয়েই প্রতারণা করা হয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর এটি তার জন্য বড় ধরনের আইনি ধাক্কা।