দুর্বৃত্তের আগুনে স্ত্রীর মৃত্যু, স্বামী দগ্ধ

নওগাঁর পত্নীতলার আমদাপুর কমলাবাড়ী গ্রামে রাতে ঘরের জানালা দিয়ে ছোড়া পেট্রলের আগুনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ স্বামী মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম হালিমা খাতুন মিষ্টি (২০)। তার স্বামীর নাম রিপন মিয়া (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ওসি শামসুল আলম জানান, বুধবার রাতে রাতের খাবার খেয়ে রিপন ও তার স্ত্রী হালিমা ঘুমাতে যান। রাত সাড়ে ১০টার পর তাদের বাড়ির পেছন থেকে একটি ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রলমিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুড়ে মারে। মুুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। একসময় তাদের শরীরেও আগুন লেগে যায়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার হালিমা মারা যান।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রী খুবই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসেন। দুজনের শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে পাঠানো হয়।