মোবাইল ফোন ছিনতাই

পারিশার মামলার বিচার শুরুর ১০ দিনে রায়

রাজধানীর কারওয়ান বাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোন ছিনতাইয়ের মামলার রায় হয়েছে বিচার শুরুর ১০ দিনের মধ্যে। গতকাল বৃহস্পতিবার মামলার রায় দেওয়া হয়। দুই মাস আগে ওই ঘটনার সময় দুই ছিনতাইকারীকে ধরে পারিশার পিটুনি দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমেও ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়।

গতকাল মামলার রায়ে ছিনতাইকারী মো. রিপন আকাশ ও মোবাইল ক্রেতা মো. শফিককে এক বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রায় দেন। রায়ে আদালত বলে, আসামিরা পেশাদার অপরাধী, তারা দোষ স্বীকার করেছে। তাদের শাস্তি না হলে অপরাধ সমাজে বাড়বে।

সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান দেশ রূপান্তরকে বলেন, গত ১৩ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে একই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। গতকাল এক কর্মদিবসে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর আসামি শনাক্তকরণ ও যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায় দেয়।

আজাদ রহমান বলেন, ‘ছিনতাইয়ের মামলা নিষ্পত্তিতে ধীরগতি নিয়ে অনুযোগ রয়েছে। সাক্ষীর গরহাজিরায় মামলা বিলম্বিত হয়। তবে এ রায় এই ধরনের মামলা দ্রুত নিষ্পত্তিতে অনুসরণীয় হবে।’