শিবপুরে পরিবহনে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৫

নরসিংদীর শিবপুরে পরিবহনে চাঁদাবাজির সময় চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১১)। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানায় র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো, শিবপুর উপজেলার পূর্বের গাঁও গ্রামের তারা মিয়ার ছেলে শাহেদ শেখ (৩০), চক্রদা গ্রামের খোরশেদ আলমের ছেলে শাহাদাত হোসেন রানা (২৬), পূর্বপাড়ার রেনু মিয়ার ছেলে রাজিব মিয়া (২০), নগর বাসস্ট্যান্ডের আবদুল করিমের ছেলে রানা ভূঁইয়া (৩০) ও সাতাপাড়ার মৃত জালাল ভূঁইয়ার ছেলে সানি ভূঁইয়া (২০)।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত একটি চাঁদাবাজ চক্র শিবপুর থানার শিবপুর-মনোহরদী হাইওয়েতে গণপরিবহন হতে শুরু করে প্রায় সকল ধরনের দূরপাল্লার যানবাহনে বিভিন্ন ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছে। তারা বিভিন্ন যানবাহন থেকে ভুয়া রশিদ দিয়ে এ পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আসছে। সাধারণ জনগণের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মৌখিক অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি গোয়েন্দা দল শিবপুরের গুরুত্বপূর্ণ সড়কের সংযোগ কেন্দ্রগুলোতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। অতঃপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিবপুর-মনোহরদীগামী রোডে চাঁদা আদায়কালে পাঁচজন হাতে নাতে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১২ হাজার ৯৮০ টাকা, চাঁদা আদায়ের রশিদ, ৫টি মোবাইল ও ৮টি সীমকার্ড উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।