মিয়ানমার জান্তার ওপর চাপ বাড়ানোর দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের জান্তার ওপর আরও চাপ প্রয়োগের কথা জানিয়ে আসন্ন নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডেরেক চোলেট বাতা সংস্থা এএফপিকে বলেন, জান্তা শাসকদের ওপর আরও চাপ প্রয়োগের ব্যাপারে এখানে ব্যাপক সম্মতি রয়েছে।’

ডেরেক চলতি মাসে একটি বিমান হামলায় ১১ জন স্কুলছাত্রের মৃত্যু এবং সেই সঙ্গে জুলাই মাসে জান্তা কর্র্তৃক চারজন বিশিষ্ট বন্দির মৃত্যুদ- কার্যকর করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের এক দশকব্যাপী পরীক্ষা শেষ করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক জান্তা নির্বাচিত সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে।

চোলেট বলেছেন, তিনি অন্যান্য সরকার এবং ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির পার্টি দ্বারা প্রভাবিত জাতীয় ঐক্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। বার্মা নামে পরিচিত দেশের অভ্যন্তরে সশস্ত্র জাতিগোষ্ঠীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন।

তিনি বলেন, ‘আমরা মনে করি, রাশিয়া ও চীন কাউন্সিলকে পদক্ষেপ নিতে দিতে কতদূর ইচ্ছুক, সে বিষয়ে আমাদের সবাইকে বাস্তববাদী হতে হবে। আমরা মনে করি, এই চেষ্টা চালানোটি গুরুত্বপূর্ণ।’