কয়দিন পরেই শারদীয় দুর্গোৎসব। এজন্য পোশাক-আশাক, গহনাগাটি, ঘর-গৃহস্থালির সাজগোজের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকেই। কিন্তু শুধু কেনাকাটা করলেই হলো না এত আয়োজনের মধ্যে নিজেকে একটু পরিপাটি সুন্দরও করে তুলতে হবে বিশেষ দিনগুলোর জন্য। তাই এখনই ত্বক ও চুলের বিশেষ যত্ন নিতে ঘরে বা পারলারে গিয়ে যা করতে পারেন জানালেন রূপবিশেষজ্ঞ শিবানী দে
যা করবেন ত্বকে
এখন গুমোট গরম পড়ছে আবার কখনো বৃষ্টি হচ্ছে। এই গরমের কারণে শরীরের সাধারণ আর্দ্রতা ধীরে ধীরে কমে যায়। সুন্দর ত্বকের জন্য আর্দ্রতার বিকল্প নেই। তাই ত্বক সুস্থ রাখতে বিভিন্ন ধরনের ফল, তাজা শাকসবজি ও প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। সুষম স্বাস্থ্যকর খাবার ত্বকে পুষ্টি জোগায়। ত্বকের যত্নের প্রথম পদক্ষেপ হলো ত্বক পরিষ্কার ও দূষণমুক্ত রাখা। তাই বাইরে থেকে ফিরে ত্বক ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। রাতে ত্বক পরিষ্কারের পর ভিটামিন-ই সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক সতেজ থাকবে। এছাড়া এক গ্লাস পানিতে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন। এতে ত্বক কোমল, মসৃণ এবং উজ্জ্বল হবে।
রোদে পোড়া ত্বক ঠিক করতে টক দই ২ টেবিল চামচ এবং লেবুর রস ২ চা চামচ একসঙ্গে মেখে মুখে, গলায় ও হাতে দিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আর ত্বক ডিপ ক্লিনজিং করতে টক দই ১ টেবিল চামচ ও ওটমিল ২ টেবিল চামচ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
উৎসবের এক সপ্তাহ আগে ত্বকের অবস্থা বুঝে ফেসিয়াল করে নিতে পারেন। এক্ষেত্রে ক্লিনজিং ফেসিয়াল বা বায়ো হাইড্রো ফেসিয়াল করতে পারেন। এতে ত্বক উজ্জ্বল ও পরিষ্কার হবে। ব্রণও কমবে। ফেসিয়াল পার্লারে গিয়ে যেমন করতে পারেন আবার বাড়িতেও করা যায়। সেক্ষেত্রে আপনাকে ফেসিয়ালের উপকরণগুলো কিনে নিতে হবে। মুখের যত্নের পাশাপাশি এই সময়ে হাত-পায়েরও একটু আলাদা যতœ নিন। মেনিকিওর-পেডিকিওরের করে নিতে পারেন। হাতে-পায়ে সানবার্ন থাকলে তা কমাতে কাঁচা দুধ ও মধু মেখে ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
চুলের যত্নে এ সপ্তাহে
পছন্দসই পহয়ার ট্রেন্ড্রের হেয়ারকাট দিতে চাইলে তা এখনই করতে হবে। কারণ যেকোনো হেয়ার কাট মুখের সঙ্গে মানানসই হতে অন্তত একসপ্তাহ সময় লাগে। এখন বেবি ব্ল্যাংকস যেমন চলছে তেমনি লং হেয়ারও রাখছেন অনেকে। আবার হেয়ার কালারেরও খুব ট্রেন্ড চলছে। যাদের লং লেন্থের হেয়ার তারা রিবন্ডিং-এর পাশাপাশি হাইলাইট করতে পারেন। তবে চুলে যাই করবেন তা কিন্তু এক সপ্তাহ আগেই করতে হবে। নয়তো আপনার চেহারার সঙ্গে মানানসই হবে না। নখে করতে পারেন ফ্রেঞ্চ মেনিকিউর। তবে এটা পূজা শুরুর ২/১ দিন আগে করলেই ভালো।