নিজের ছবির রিভিউ কখনো পড়েন না আলিয়া, তবে...

৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা'। এর মধ্যেই বিশ্বজুড়ে ৩৬০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। 'ব্রহ্মাস্ত্র'র সাফল্য নিয়ে কী বলছেন আলিয়া? ফিল্ম নিয়ে এত ভালো প্রতিক্রিয়া শুনে কী মনে হচ্ছে তার? অভিনেত্রীর দাবি, তার অভিনীত কোনো ছবি মুক্তি পাওয়ার পর তিনি কোনো রকম প্রতিক্রিয়া পড়েনই না।

নায়িকা বলেন, 'বহু মানুষ আমাকে ব্যক্তিগতভাবে মুভি রিভিউ পাঠান। কিন্তু আমি একটিও রিভিউ পড়ি না। কখনো কখনো ওপর থেকে হেডলাইনটুকু পড়ি। ছবির প্রশংসা করে কেউ ছবির প্রতিক্রিয়া লিখলেও আমি তা পড়ি না।'

ছবি মুক্তি পাওয়ার পর অভিনেত্রী বুঝতে পারেন তা আদৌ হিট করবে কি-না, কোথায় ভালো হয়েছে, কোথায় খামতি থেকে গিয়েছে।

বরং তিনি সকলের কাছে সামনাসামনি জানতে পছন্দ করেন যে ছবিটি তাদের কেমন লেগেছে, জানান অভিনেত্রী। 'ছবিটি ভালো সাড়া ফেললে আমি তাদের জিজ্ঞাসা করি, আমাকে কোথায় ভালো কাজ করতে হতো। ছবিটি তাদের ভালো না লাগলেও জিজ্ঞাসা করি তাদের ভালো না লাগার কারণ কী?' 
পরিচালক করণ জোহর আবার বিপরীত পন্থা অবলম্বন করেন, এই বিষয়েও জানালেন অভিনেত্রী। করণের মতে, ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন তা জানলে অনেক নতুন জিনিস জানতে পারা যায়। তবে, আলিয়া তা একদম বিশ্বাস করেন না। ছবি মুক্তির প্রথম দিনই হোক অথবা ১০ দিন পার হয়ে যাক না কেন, রিভিউ পড়ার বদলে ছবির বিষয়ে সকলকে সরাসরি জিজ্ঞাসা করতেই পছন্দ করেন অভিনেত্রী।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানায়, এস এস রাজামৌলির আগামী ছবি 'এসএসএমবি২৯'-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে 'গাঙ্গুবাই'-কে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের শেষে সন্তানের জন্ম দেবেন আলিয়া। তার পরেই ছবির কাজ শুরু করবেন তিনি। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া