শুক্রবার থেকেই আলোচনায় সেলিব্রিটি ফিটনেস ট্রেনার নূপুর শেখর। আমির খানের কন্যা ইরা খানের সঙ্গে আংটি বদল সেরে ফেলার পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নূপুরের এক নগ্ন ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এ নিয়ে আলোচনা এবং সমালোচনা দুইই চলছে।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তিন বছর আগে ওই ফটোশুট করেছিলেন নূপুর। যা সম্প্রতি আবারো ভাইরাল হয়। ২০১৯ সালে বিবস্ত্র হয়ে দৌড়ানোর ওই ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নূপুর। ক্যাপশনে লিখেছিলেন, 'দৌড়ানোর সময় মানুষ অনেক কিছু শেখে। প্রতিটি দৌড় মানুষকে নতুন শিক্ষা দেয়। জীবনের পাঠ দেয়। আমার এই অভ্যাস আমার কাছে সেরা।'
তিনি আরো লেখেন, 'জীবনের প্রতিটি জিনিসেরই স্টার্টিং এবং ফিনিশ লাইন রয়েছে। এই দৌড়ের অভ্যাস থেকে আমি অঙ্গীকার, চেষ্টা এবং ধৈর্য্যের পাঠ নিয়েছি। কাজ, সম্পর্ক, দায়িত্বসহ অনেক কিছুই এই দৌড় থেকে শেখা যায়। যাই হোক না কেন, আমি যখন ফিনিশ লাইন স্পর্শ করি, সেই মুহূর্তে আমার মুখে হাসি ফোটে।'
বর্তমানে নূপুরের এই পোস্টই ভাইরাল। যা নিয়ে নানা নেতিবাচক কথাও চলছে। 'পিকে'র সময় একইভাবে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন আমির খানও। একই অভিজ্ঞতার শিকার ইরার হবু স্বামী নূপুর।
উল্লেখ্য, আমির খানের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক হবু জামাই নূপুর শেখরের। তাকে নিজের গুরুও মনে করেন আমির। কিন্তু, কেন? আসলে আমিরের ফিটনেস ট্রেনার নূপুর। তার সূত্র ধরেই ইরার সঙ্গে পরিচয় হয়েছিল মুম্বাইয়ের ফিটনেস আইকনের। ৫৭ বছর বয়সে দাঁড়িয়ে কিভাবে নিজেকে ফিট রাখবেন, আজও নূপুরের থেকেই সেই টিপস নেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
কে এই নূপুর শেখর?
পেশায় ফিটনেস ট্রেনার নূপুর ১৯৮৫ সালে পুনেতে জন্মেছিলেন। স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বাইয়ে চলে আসেন তিনি। এরপর মুম্বাইয়ের আরএ পোদ্দার কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্স-এ পড়াশোনা শেষ করেন তিনি। ছেলেবেলা থেকেই নূপুর ফিট থাকতে পছন্দ করতেন।
তার মা প্রীতম শেখর নাচের শিক্ষিকা। প্রীতমের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ইরার। তার সঙ্গেও মাঝেমধ্যেই ছবি আপলোড করেন ইরা। প্রসঙ্গত, আমির এবং ইরা ছাড়াও এক দশক ধরে সুস্মিতা সেনকে ট্রেনিং দেন নূপুর।