সালমান নন, 'মোস্ট রোমান্টিক' আরবাজ খান : ক্যাটরিনা

সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমকাহিনি ঘিরে উথালপাথাল হয়েছে বলিউড। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সংসার পাতলেও সালমান-ক্যাটরিনা জুটির মায়াজাল থেকে বেরোতে পারেনি সিনে দুনিয়া। কিন্তু এই জুটির রসায়ন নিয়ে যতই আলোচনা হোক না কেন, ক্যাটরিনার চোখে সালমান কিন্তু রোমান্টিক নন!

বহু বছর আগে পরিচালক-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় শো 'কফি উইথ করণ'-এ গিয়েছিলেন ক্যাটরিনা ও অভিনেত্রী লারা দত্ত। সেখানে এক মজার প্রশ্নের জবাব দিতে গিয়ে সালমানকে 'মোস্ট রোমান্টিক' তকমা দিতেই চাননি ক্যাটরিনা। সালমানের বদলে তার ভাই আরবাজ খানকে এই তকমা দেন নায়িকা।

২০০৭ সালে 'কফি উইথ করণ'-এর এক পর্বে সালমান খান ও তার দুই ভাই আরবাজ ও সোহেলের মধ্যে কে সবচেয়ে বেশি রোমান্টিক, তা জানতে চান করণ। প্রশ্ন শুনেই ক্যাটরিনার পাশে বসে লারা বলেন, 'দয়া করে বল, সালমান।' লারার এই কথা শুনে ক্যাটরিনা সটান 'না' বলে দেন। তার পরই ক্যাট বলেন, 'আমার মনে হয় আরবাজ।' যে উত্তর শুনে হেসে ফেলেন সকলে।

বলিউডে পা রাখার পর রাতারাতি জনপ্রিয়তা অর্জনের নেপথ্যে ক্যাটরিনার কেরিয়ারে সালমান খানের অনবদ্য ভূমিকার কথা সর্বজনবিদিত। সালমানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দেন নায়িকা। পর্দায় তাদের রসায়নে মজেছে আসমুদ্রহিমাচল। পর্দার রোমান্স ছাপ ফেলেছিল বাস্তব জীবনেও। সালমান-ক্যাটরিনার প্রেম নিয়ে বিস্তর চর্চা চলেছিল। যদিও সম্পর্ক নিয়ে কখনোই কেউ মুখ খোলেননি। গত বছরের শেষে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা। আগামী দিনে 'টাইগার ৩' ছবির হাত ধরে আবারো রুপালি পর্দায় দেখা যাবে সালমান-ক্যাটরিনা জুটি। সূত্র : ইন্ডিয়া টুডে