আগামী ১৪ অক্টোবর ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযোদ্ধা জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জমজমাট ব্যান্ড শো। তৃতীয় প্রজন্মের ৭টি শীর্ষ ব্যান্ডকে নিয়ে এই আয়োজন। জনপ্রিয় মিউজিক্যাল ইন্সট্রুমেন্টাল স্টোর 'অ্যাকুস্টিকা' এই ব্যান্ড শো'টির আয়োজন করেছে। অ্যাকুস্টিকার এই আয়োজনে সহযোগী হিসেবে আছে 'মেটাল ফ্রিক টিশার্ট'।
'এই সময়' ব্যান্ড প্রোগ্রামের প্রথম আয়োজনে অংশ নেবে মেঘদল, আভাস, সোনার বাংলা সার্কাস, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ এবং আপেক্ষিক।
১৪ অক্টোবর বেলা ৩টায় শুরু হতে যাওয়া এই শোয়ের ভেন্যু এন্ট্রি মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
আয়োজক অ্যাকুস্টিকা এবং মেটাল ফ্রি টিশার্ট তাদের টিকেট ফর্ম লিংকে লিখেছেন- এই সময়- অধ্যায় এক নিয়ে খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই। এই শো সম্পুর্ণ একটা ভিন্ন স্বাদ নেওয়ার প্রচেষ্টা মাত্র। চারপাশে হাজার হাজার ক্রাউড হবে, খুব হইচই হবে তা-ও কিন্তু নয়। মাত্র ৪০০ জন পিওর মিউজিক লাভার হবে এই শো এর শ্রোতা এবং দর্শক যারা টিকিট কিনে আসবেন। এর মধ্যে অনলাইনে টিকেট যাওয়া শুরু হয়ে গেছে এবং হয়তো সপ্তাহের মধ্যে টিকেট শেষ হয়ে যাবে। তাই যারা এই শো তে আসতে চান অবশ্যই টিকেট কিনে ফেলুন জলদি।
তারা আরো লেখেন, এই সময়, আমাদের নিত্যদিনের সময়, কারো জন্য চিন্তার-ভাবনার, কারো সংগ্রামের, কারো প্রতীক্ষার, কারো 'এই সময়' নিজের জন্য, কারো পরিবারের, কারো বন্ধুর জন্য, কারো 'চেনা অচেনা আলো আঁধার' এর, কারো 'বাস্তব', কারো 'ভাঙচুর হয়ে গেছে', কারো 'এই সময়' এর নাম 'অসুখ', কারো আটকে আছে 'জেলখানার চিঠি'তে, কারো সময়টা প্রচণ্ড 'কনফিউশন' এর, কারো আশাবাদী কণ্ঠে গেয়ে ওঠা 'কে বলে আমি ভালো নেই'! আপনার, আমার, আমাদের এই সময় যত চাপের হোক, বাজারের দামের হোক, রক্ত কিংবা ঘামের হোক, যেকোনো নামের হোক, তবুও আমরা চাই একটুখানি এই সময়টাকেই সুরে সুরে গাইতে, এই সময়ের সুখ-দুঃখ ভাগ করে নিতে 'বাংলা রক' মিউজিকের আবহে। সেই প্রত্যাশা নিয়ে আমাদের প্রথম প্রয়াস...'এই সময় : অধ্যায় এক'
শোয়ের টিকেট আগামীকাল থেকে পাওয়া যাবে 'অ্যাকুস্টিকা' অথবা 'মেটাল ফ্রিক টিশার্ট' এর সকল শাখায়। যারা সশরীরে টিকেট কাটবেন তারা পাবেন একটি পোস্টার। তবে অনলাইনে যারা কাটবেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। তারাও ভেন্যুতে যাওয়ার পর নিজের টিকেট এবং পোস্টার বুঝো পাবেন।
অনলাইনে টিকেট কাটার লিংক : এই সময় : অধ্যায় এক