খুফিয়ায় বাঁধনের অভিনয় করার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের কোনো অভিনয়শিল্পী কাজ করলেন নেটফ্লিক্সের কোনো প্রোজেক্টে। খুবই অদ্ভুত ছিল মেয়েটি! গুনাহ এর মতো চুপ চুপ ভাব; আবার মৃত্যুর মতো স্পষ্ট। কখনো আবার ভাগ্যের মতো; অযৌক্তিক। এই স্বভাবগুলো অক্টোপাসের। এ অক্টোপাস সমুদ্রের নয়; এটি একটি চরিত্রের নাম। শনিবার প্রকাশ পেয়েছে খুফিয়া’র টিজার। সেখানে অক্টোপাস তথা বাঁধনের স্বভাবের বর্ণনা দিয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী টাবু। বর্ণনায় আরও বলা হয়েছে, ‘হাতের আঙুলের কাছে এসে থাকা কাপড় টেনে আঙুলগুলো ঢেকে রাখার স্বভাব ছিল অক্টোপাসের। হাঁচি দিলে একসঙ্গে তিনটা দিত। আর গলার কাছে যেখানে গর্তের মতো আছে, সেখানে ওর একটা তিল ছিল, আঁচিলের মতো।’ বর্ণনার একপর্যায়ে টাবু বলেন, ‘আরেকটা আঁচিল ছিল আমাদের জীবনে। সেটা নিয়ে অক্টোপাসের না কোনো ধারণা ছিল, না আমার।’ উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘টিজারে সে বর্ণনা শোনা যাচ্ছে, সেটা অক্টোপাসের। এ চরিত্রটিতে আমি অভিনয় করেছি। যদিও আমার স্ক্রিন টাইম খুবই কম, তারপরও আমি আমার চরিত্রটিকে খুবই পছন্দ করেছি। আমিই সারপ্রাইজড। কারণ আমি তো জানি না ওরা কখন কোন টিজার করবে বা ছাড়বে। আমি যখন দেখলাম যে, অক্টোপাসকে বর্ণনা করে টিজার প্রকাশ করা হয়েছে, আমার খুবই ভালো লাগছে।’ বিশাল ভারদ্বাজ পরিচালিত সিনেমাটি কবে মুক্তিপাবে তা এখনো চূড়ান্ত হয়নি। সিনেমায় টাবু ছাড়াও অভিনয় করেছেন আলী ফজল, ওয়ামিকা গাব্বিসহ অনেকে।