চট্টগ্রামে চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ হবে : মাহবুব

দেশের পর্যটন শিল্পসহ সম্ভাবনাময় সব খাতকে সমৃদ্ধ করতে চট্টগ্রামে চলমান সব উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন অগ্রযাত্রা যেন একজন পর্যটক বিমান থেকে নেমেই বুঝতে পারেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রী বিমান বন্দরগুলোর সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের করতে নির্দেশনা দিয়েছেন।’

গতকাল শনিবার ট্টগ্রামের পাঁচ তারকা হোটেল আগ্রাবাদ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাস্টার দা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের হাত ধরে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল এ চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। এ ছাড়াও শেফালী ঘোষ, আইয়ুব বাচ্চু, শ্যাম সুন্দর বৈষ্ণব, কল্যাণী ঘোষদের স্মৃতি বিজড়িত বারো আউলিয়ার পুণ্যভূমি এ চট্টগ্রাম। পাহাড়, সাগর ও নদী পরিবেষ্টিত চট্টগ্রামের মতন সুন্দর শহর পৃথিবীর আর কোথাও নেই।’