এবার বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

নোয়াখালীতে এবার আরেক স্কুলছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলছাত্রী (১৩) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের  বাসিন্দা। সে স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। 

আহত ওই শিক্ষার্থীকে রবিবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, প্রতিদিনের মতো রোববার দুপুর ২টার দিকে স্কুল থেকে একা বাড়ির উদ্দেশে রওয়ানা দেয় সে। পথে একটি অটোরিকশা এসে তার পেছনে দাঁড়ায়। ওই সময় অটোরিকশা থেকে মাস্ক পরা এক কিশোর তাকে পেছন থেকে মুখ চেপে ধরে ধারালো কিছু দিয়ে গলা কাটার চেষ্টা করে। একটি সিএনজি আসতে দেখে আবার অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যায় হামলাকারী। পেছনে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে। 

তবে হামলাকারীর মুখে মাস্ক থাকায় তাকে চিনতে পারেনি ওই ছাত্রী।   

জেনারল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ হাসান জানান, তার গলায় প্রায় তিন ইঞ্চি প্রশস্ত আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ ব্যপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে বৃহস্পতিবার নোয়াখালীর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে বাসায় ঢুকে গলা কেটে হত্যা করা হয়।