পাকিস্তানে কপ্টার বিধ্বস্ত, দুই মেজরসহ নিহত ৬ সেনাসদস্য

পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর দুই মেজরসহ ছয় সেনা নিহত হয়েছেন। গত রবিবার গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে।

পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখার বরাতে জানানো হয়, বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে ‘ফ্লাইং মিশন’ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাম্প্রতিক সময়ে দেশে হেলিকপ্টার দুর্ঘটনা বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা খুব বেড়ে গেছে, সামরিক হেলিকপ্টারগুলোর প্রকৌশলগত ত্রুটি খতিয়ে দেখা উচিত।’

এ ঘটনার মাসখানেক আগে বেলুচিস্তানেই আরেকটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছিল। সামরিক বাহিনীর জনসংযোগ শাখা সেই ঘটনাকে প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে প্রচার করে। তাদের ভাষ্য ছিল ওই হেলিকপ্টারটি বিরূপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়।