আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৭ রানের জয়, তবুও তো জয়! হারের বৃত্ত থেকে বের হওয়ার তৃপ্তিই মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। আজ আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার আগে এই অলরাউন্ডার জানালেন, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়াই লক্ষ্য।
‘আমাদের একটা ম্যাচ জেতা দরকার ছিল, আমরা কালকে ম্যাচটা জিতেছি। আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিÑ বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেওয়া। সে জন্য আমরা এখানে গত ২-৩ দিন ধরে অনুশীলন করেছি, একটা ম্যাচ খেলেছি। আমাদের ছোট ছোট যে ভুলগুলো ছিল আগের সে ভুলের পরিমাণ যেন কমিয়ে আনতে পারি সেটাই আমরা চেষ্টা করছি, পরের ম্যাচেও তাই প্রয়োগ করতে চাইব’Ñ দুবাই থেকে সাংবাদিকদের জানিয়েছেন মিরাজ।
রবিবারের ম্যাচে ৩ উইকেটশিকারি বলেন, ‘আমাদের একটা জয় খুব দরকার ছিল। কারণ গত কয়েকটা সিরিজে, এশিয়া কাপে আমরা কাছে গিয়ে হেরেছি, জিততে জিততে হেরে গেছি। কালকের পরিস্থিতি ওরকমই ছিল কিন্তু আমাদের বোলাররা খুব ভালো কামব্যাক করেছে।’
ম্যাচসেরা আফিফ হোসেনের ৫৫ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংসে ভর করেই মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। অবশ্য আফিফ দুইবার জীবন না পেলে গল্পটা অন্যরকমও হতে পারত! এই বাঁহাতি ম্যাচ শেষে জানিয়েছেন, ফিল্ডার ক্যাচ ছাড়লে কী করার আছে তার ‘সবসময় চাপের মুখে ব্যাটিং করতে ভালো লাগে। আমি শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছিলাম, সফল হওয়ায় ভালো লাগছে। যে দুইটা লাইফের কথা যে বললেন, ওটা পার্ট অব গেম। ফিল্ডার মিস করেছে, আমার তো কিছু করার নেই।’