এসিল্যান্ডের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

নামজারি আবেদনে ত্রুটি থাকায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তের বিরুদ্ধে অভিযোগ, গতকাল সোমবার দুপুরে তিনি সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামের দিকে জুতা নিক্ষেপসহ তাদের গালমন্দ করেন। অবশ্য এ বিষয়ে অমিত দত্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউএনও ইশরাত জাহানের ভাষ্য, ওই দুজন স্টাফ কাজে ভুল করেছিলেন বলে তাদের ডেকে বকাঝকা করেছেন এসিল্যান্ড। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

ভূমি অফিস সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে প্রথমে নিজ কক্ষে ডেকে নেন এসিল্যান্ড অমিত দত্ত। পরে নামজারির কাজে ত্রুটি দেখিয়ে তাকে গালমন্দ করেন। পরে খায়রুল ইসলাম বের হয়ে এলে সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম তার কক্ষে প্রবেশ করা মাত্রই একই আচরণ করেন অমিত দত্ত।

সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম বলেন, ‘এসিল্যান্ড স্যারের অফিস কক্ষে প্রবেশ করা মাত্রই আমার দিকে জুতা ছুড়ে মারেন এবং চেয়ার থেকে উঠে আমার মাথার টুপি খুলে ফেলে নানা ধরনের কটূক্তি করেন। পরে আমি রুম থেকে বের হয়ে আসি।’ আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম বলেন, ‘দুপুরে নামজারির কাজে ভুল দেখিয়ে এসিল্যান্ড স্যার তার কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করেছেন।’

অভিযোগের বিষয় জানতে অমিত দত্তকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। বিষয়টি নিয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান বলেন, প্রাথমিকভাবে জেনেছি ওই দুজন স্টাফের কাজে ভুল হওয়ায় তাদের ডেকে নিয়ে বকাঝকা করেছেন। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি। আমরা পুরো ঘটনাটি তদন্ত করছি। তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।