বিমান সিবিএর ৩ নেতাকে জিজ্ঞাসাবাদ দুদকে

দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শ্রম ইউনিয়নের (সিবিএ) আরও তিন নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন, সহসাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল আলম ও আরেক নেতা আবুল কালাম।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তলব করা হলেও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মনতাসার রহমান হাজির হননি। দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মোনায়েম হোসেনের নেতৃত্বে অনুসন্ধান দল তাদের জিজ্ঞাসাবাদ করে।

এর আগে গত রবিবার সংস্থাটির আরও তিন সিবিএ নেতাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। তারা হচ্ছেন, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন ও মো. ইউনুস খান। ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার কথা থাকলেও ওই দিন দুদকে হাজির হননি সিবিএর সাবেক সভাপতি ও বর্তমানে বিমানের কানাডা অফিসের কান্ট্রি ম্যানেজার মশিকুর রহমান।

দুদকের অনুসন্ধান ও তদন্ত-২-এর উপপরিচালক মো. মোনায়েম হোসেন জানান, তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের যেসব কাগজপত্র দাখিল করতে বলা হয়েছিল, তা তারা দাখিল করেছেন। এগুলো যাচাই-বাছাই করা হবে। এ ছাড়া বিমানের তৎকালীন ফিন্যান্স সেক্রেটারি মো. আতিকুর রহমান, অফিস সেক্রেটারি মো. হারুন অর রশিদ, পাবলিসিটি সেক্রেটারি আবদুল বারী লাভলু ও স্পোর্টস সেক্রেটারি মো. ফিরোজুল ইসলামকে আজ মঙ্গলবার দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আগামীকাল বুধবার সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মো. আবদুস সোবহান, উইমেনস অ্যাফেয়ার্স সেক্রেটারি আসমা খানম বানু, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি গোলাম কায়সার আহমেদ, সদস্য মো. আবদুল জব্বার ও মো. আবদুল আজিজকে তলব করা হয়েছে।