সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২-এর বিজয়ী বাংলার অদম্য নারীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা একে একে নারী ফুটবল দলের ২৩ জন খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ ছাড়া আইএফআইসি ব্যাংকের উদ্যোগে খেলোয়াড়দের ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক আহসান উল্লাহসহ জোটের সব সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।