মৃত্যুহীন শহর : অযান্ত্রিক এর প্রথম অ্যালবাম আসছে কাল

'পুরো অ্যালমাবজুড়েই এক্সপেরিমেন্ট করেছি। দশটা গান দশ জেনরার। কোনোটা রক, কোনোটা সফট, কোনোটা বা গ্লুমি। আমরা নানারকম এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে পৌঁছাতে চেয়েছি।'

এভাবেই নিজেদের আপকামিং অ্যালবাম নিয়ে কথা বলছিলেন শীর্ষস্থানীয় থার্ড জেনারেশন ব্যান্ড অযান্ত্রিক এর স্পোকসম্যান এবং ড্রামার নাঈমুল আলম চৌধুরী সাজিদ।

২০১৪ সালে জন্ম। আট বছর লেগে গেল অ্যালবাম করতে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরেকটু আগেই করার কথা ছিল। প্রস্তুতিও ছিল। অতিমারির কারণে পিছিয়ে পড়তে হলো। এ ছাড়াও এক সাথে দশটা গান- নিজেদের স্যাটিসফেকশনেরও ব্যাপার ছিল। সব মিলিয়ে দেরি হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত শ্রোতাদের সামনে আসতে পারব- এটা ভেবে ভালো লাগছে।

আগামীকাল (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশিত হতে যাচ্ছে অযান্ত্রিক ব্যান্ডের প্রথম অ্যালবাম 'মৃত্যুহীন শহর'। বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। 

সাজিদ বলেন, আমরা পুরো অ্যালবামটি আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছি। আশা করছি কাল দুপুরের মধ্যেই সব কাজ শেষ করতে পারব। এর পর এটি অ্যালবাম আকারে 'গান' অ্যাপে যাবে। তার পর ক্রমশ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে যাবে 'মৃত্যুহীন শহর'।

অনেকেই আসবেন বলে কথা দিয়েছেন আমাদের এই লঞ্চিং অনুষ্ঠানে, বললেন সাজিদ। ওখানে অনুষ্ঠানের পর আমাদের ইচ্ছে আছে নিজেদের অর্থাৎ নতুন অ্যালবামের দু-একটা গান দর্শকদের শোনাতে। আশা করি সবকিছু ঠিকঠাকভাবে শেষ হবে।

অবশেষে সবার কাছে লঞ্চিং অনুষ্ঠানের শুভ সমাপ্তির জন্য শুভ কামনা চাইলেন নাঈমুল আলম চৌধুরী সাজিদ।