খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি সদরের মধুপরের ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাটিরাংগা উপজেলার ২নং ওয়ার্ড আলুটিলা পুনর্বাসন এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা (২৫) ও একই উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা (১৯)।
জানা যায়, জেলা শহরের মধুপুরস্থ এলাকায় ভাড়া বাসায় থাকেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী। গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই স্কুলছাত্রী ঘর থেকে একা বের হন। ভুক্তভোগী প্রকৃতিক ডাক সেরে ঘরে প্রবেশ করার সময় পাশের রুমে ওৎ পেতে থাকা দুই যুবক জোর করে তাদের রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
সে সময় মেয়েটির মুখ চেপে ধরার কারণে চিৎকার করতে পারেনি। চিৎকার করলে ছুরি দিয়ে গলাকেটে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে বাথরুমে নিয়ে গিয়ে জোর করে ভুক্তভোগীর ছবি তোলে। ছবি তোলার পর তার কাছে ৫০ হাজার দাবি করে, না দিলে আবারও ধর্ষণ ও হত্যার হুমকি দেয় তারা।
এতদিন ভয়ে ভুক্তভোগী ঘটনাটি কাউকে জানায়নি।
সোমবার(২৬ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর মা খাগড়াছড়ি বাজারে বাজার করতে আসলে ঘটনাটি তার মাকে খুলে বলে। এরপর তার মা থানায় মামলা করেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আসামিদের খাগড়াছড়ি সদরের মধুপরের ভাড়া বাসা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।