পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে এই পদ্মাপারে দেশের বড় বড় প্রকল্পের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় কনভেনশন সেন্টার নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কনভেনশন সেন্টারে একসঙ্গে ৫ হাজার মানুষ বসতে পারবে। ১০ হাজার মানুষ নিয়ে এখানে প্রোগ্রাম করা যাবে।
গতকাল বুধবার সকালে মাদারীপুরের শিবচর পৌর বাজারে ইসলামী ব্যাংকের ৩৮৬তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ একথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, অর্থনৈতিকভাবে আগামী ১০ বছরে শিবচরে ব্যাপক পরিবর্তন আসছে। তাই সেবার মনোভাব নিয়ে, মানসিকতার পরিবর্তন করে কাজ করতে হবে।
ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, ব্যাংকটির শিবচর শাখা প্রধান মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।