মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের কয়েক লাখ অন্ধ, দৃষ্টিপ্রতিবন্ধী অথবা বই পড়তে সক্ষম নন এমন ব্যক্তিদের জন্য বই পড়ার অবারিত সুযোগ উন্মোচিত হলো।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক ড্যারেন টাংয়ের হাতে বাংলাদেশের মারাকেশ চুক্তি অনুস্বাক্ষরের দলিলটি গত সোমবার পেশ করেন জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান।
গতকাল বুধবার স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই আন্তর্জাতিক চুক্তিটি বাস্তবায়নের জন্য এর বিভিন্ন ধারা অদূর ভবিষ্যতে বাংলাদেশের দেশীয় আইনে অন্তর্ভুক্ত করা হবে এবং এজন্য দেশীয় আইনে প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে মর্মে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সংস্থাটির মহাপরিচালককে অবহিত করেন।
মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর আন্তর্জাতিক পর্যায়ে সব ধরনের প্রতিবন্ধীদের অধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতিকে আরও বেশি সুদৃঢ় করবে বলে স্থায়ী প্রতিনিধি তার বক্তব্যে উল্লেখ করেন।