সুপ্রিম কোর্ট থেকে ছুরিসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তন থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান চলছিল। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আটকের পর সন্ধ্যায় ওই চারজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম-পরিচয়ের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।