গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আবারও এ বছরের এক দিনে সর্বোচ্চ ৫২৪ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে টানা চার দিন চারশর ওপরে রোগী ছিল। গতকাল তা বেড়ে পাঁচশর ঘরে পৌঁছেছে। আগের দিন গত মঙ্গলবার ভর্তি হয়েছিল ৪৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ১ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৮৮ জন এবং ঢাকার বাইরে ৪৩২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ৫৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩৭৩ জন এবং ঢাকার বাইরে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৩৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৭৬৪ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৫৮২।