উত্তরার হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাঝবয়সী ওই ব্রিটিশ নাগরিকের নাম ডুগাল্ড ফিনলেসন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের ম্যারিনো হোটেলের বাথরুমে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে পুলিশের উপ কমিশনার মোর্শেদ আলম জানিয়েছেন।

তিনি বলেন, বাথরুমে উপুড় অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। হৃদরোগ বা স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে।

ডুগাল্ড ফিনলেসন কবে থেকে ওই হোটেলে ছিলেন বা তিনি কবে ঢাকায় এসেছেন– সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি পুলিশ।

তার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।