আট মাসের মেয়েকে নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় ঘুরছেন প্রিয়াঙ্কা

কখনো জানলার পাশে মেয়েকে নিয়ে বসে এক মনে রাস্তা দেখছেন। কখনো আবার মেয়ের সঙ্গে খেলায় মত্ত। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আপাতত মেয়ে মালতীর সঙ্গে নিউ ইয়র্কে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বিশ্বজোড়া খ্যাতি তার। প্রিয়াঙ্কা-নিক জোনাসের প্রেমের আলোচনাও সর্বত্র। মেয়ে জন্মানোর পর তো একের পর এক ছবি সামনে এসেছে।

এবার নিউ ইয়র্কের সবচেয়ে দামি রাস্তায় ফ্রেমবন্দি হলেন নায়িকা। সঙ্গী অবশ্যই তার আট মাসের খুদে। ধবধবে সাদা স্কার্ট আর মানানসই জামায় নিউ ইয়র্কের সবচেয়ে দামি গলিতে মেয়েকে নিয়ে হাঁটছেন প্রিয়াঙ্কা। সেই ছবি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। বিদেশের এই গলিতে শুধুই নামিদামি সংস্থার বিপণি। এমনই কোনো বিপণিই হয়তো ছিল তাদের সে দিনের গন্তব্য। তা যদিও বিস্তারিত জানা যায়নি।

সম্প্রতি, জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেন প্রিয়াঙ্কা। বলিউড ছেড়ে আপাতত হলিউডেই ঘাঁটি গেড়েছেন তিনি। অভিনেতা-প্রযোজক ছাড়া প্রিয়াঙ্কার আরো একটি পরিচয় রয়েছে। তিনি জাতিসংঘের 'গুডউইল অ্যাম্বাসাডর' বা শুভেচ্ছাদূত। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সব সদস্যদেশের লক্ষ্যমাত্রাও নিজের ভাষণে মনে করিয়ে দেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, 'বিশ্বের এক সঙ্কটময় সময়ে আমরা আজ মিলিত হয়েছি, যেখানে দুনিয়াজোড়া ভ্রাতৃত্ববোধের প্রয়োজনীয়তা আগের থেকে বেশি জরুরি।' সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস