ট্রেনে কেটে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর, নাটোরের বাগাতিপাড়া এবং যশোরের বেনাপোলে তিনজন মারা গেছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
দিনাজপুর : রেললাইনের পাশে ছাগল চড়াতে গিয়ে বিরামপুরে ট্রেনে কেটে মারা গেছেন মমতাজ হোসেন (৪৭)। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর শহরের বেগমপুরে ঘটে এ ঘটনা। মমতাজ বিরামপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেগমপুরের মৃত নজির উদ্দীনের ছেলে।
প্রতিবেশী সামসুল ইসলাম জানান, মমতাজ আলী পেশায় ভ্যানচালক। বৃহস্পতিবার সকালে ছাগল চরাতে গিয়ে রেললাইনের ওপর বসেছিলেন তিনি। সাড়ে ১০টায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মমতাজ।
বাগাতিপাড়া (নাটোর) : বাগাতিপাড়ায় ট্রেনে কেটে রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলার স্বরূপপুর রেলগেট থেকে ৩০০ গজ দক্ষিণে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। রাসেল শ্রীরামপুর গ্রামের জমির উদ্দীনের ছেলে। তিনি নাটোরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।
শার্শা (যশোর) : বেনাপোলের কাগজপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত আলী হোসেন (৪০) সাতক্ষীরার কলারোয়ার বালিয়াডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে। সকালে কাগজপুকুর এলাকায় ঢাকা থেকে আসা বেনাপোল এক্সপ্রেসে তার পা কাটা পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।