বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা যে আন্দোলনে আছি তা বিএনপির আন্দোলন নয়, জনগণের আন্দোলন। দেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এ আন্দোলন বন্ধ করা যাবে না।’
গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ হুঁশিয়ারি দেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আমরা এখন যেসব দাবিতে আন্দোলন করছি এগুলো বিএনপির দাবি বললে ভুল হবে। কারণ এসব দাবি জনগণের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে দেশের প্রতিটি পরিবারের নাভিশ্বাস। আয়ের সঙ্গে তাদের ব্যয়ের কোনো রকমের সংগতি নেই। উত্তরোত্তর ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আয় হ্রাস পাচ্ছে। দ্রব্যমূল্যের এ কষাঘাত থেকে মানুষ মুক্তি চায়।’