রানি মুখোপাধ্যায়, বিগত কয়েক বছর ধরে বলিউডে তার সাম্রাজ্য, অভিনয়ে মুগ্ধ দর্শক। এবার নতুন চমক নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী। লেখিকা রানির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আগামী বছরেই। ২১ মার্চ অভিনেত্রীর জন্মদিন। ওই দিনেই প্রকাশিত হবে তার স্মৃতিকথা।
ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে দিয়েছেন নায়িকা। এতগুলো বছরে প্রচুর চড়াই-উতরাই দেখেছেন তিনি। হিট, ফ্লপের পাহাড়, পরিচালক-প্রযোজকের সমীকরণের তারতম্য- আরো কত কী! দুযুগের বেশি সময়ে অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। সেই সবই এবার দর্শকের সঙ্গে শেয়ার করার পালা।
রানি বলেন, ভারতীয় সিনেমা আমায় অনেক কিছু দিয়েছে। ২৫ বছরে এই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এখনো পর্যন্ত কোনো দিন নিজের মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে প্রতিটা মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে হয় নারীদের। প্রতিটা মুহূর্তে এই বিশ্লেষণ আমার ওপরও খুব প্রভাব ফেলেছিল। সেই সব কিছুই থাকবে আমার বইয়ে।'
এতগুলো বছরের টুকরো টুকরো অভিজ্ঞতাকে এক সুতোয় গেঁথে দর্শকের কাছে নিয়ে আসতে চলেছেন অভিনত্রী। আপাতত অপেক্ষা কয়েক মাসের। সূত্র : ফিল্মফেয়ার ডটকম