ছাত্রলীগ নেতার হাত-পা, জিভ কেটে মেরে ফেলার হুমকি সাবেক প্রতিমন্ত্রীর!

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাত-পা, জিহ্বা কেটে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মো. হাসিবুল হোসেন শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবসহ দুজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সাবেক প্রতিমন্ত্রীর এ হুমকির রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এটি কলাপাড়ায় এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতাকে জীবননাশের হুমকি প্রদানের ঘটনায় ফুঁসে উঠেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের একটি স্লুইস গেটের নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী হাসিবুলকে হাত-পা, জিহ্বা কেটে নেয়াসহ তাকে কে বাঁচাবে বলে হুমকি দেন।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা হাসিবুল জানান, ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কামাল তালুকদারের ব্যবহৃত ফোন থেকে কল দিয়ে সাবেক প্রতিমন্ত্রী প্রাণনাশের এ হুমকি এ দেন। সাবেক প্রতিমন্ত্রী হাসিবুল ও তার পরিবারের সদস্যদের যেকোনো ধরনের ক্ষতি করতে পারেন এমন শঙ্কায় বর্তমানে আতঙ্কিত হয়ে আছেন।

উপজেলা ছাত্রলীগের সম্পাদক মো. ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, ’আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে শিখব। উপজেলা আওয়ামী লীগ সভাপতি যেটা করেছেন তা নিতান্তই দুঃখজনক। আমরা ছাত্রলীগ এর প্রতিকার চাই।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম বলেন, ‘তিনি যদি এ ধরনের হুমকি দিয়ে থাকেন, তবে তা সঠিক হয়নি।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে জিডি করা হয়েছে। এসআই মো. হুমায়ুন কবিরকে বিষয়টি তদন্তের জন্য নিযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।’