শ্বশুরবাড়িতে যুবক, বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

রাজধানীর দোলাইরপাড়ের একটি বাসা থেকে রাফি (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিম দোলাইরপাড়ের ৫৪ নম্বর বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসাটি মৃত রাফির শ্বশুরবাড়ি বলে জানা গেছে।

এদিকে একই দিন রাজধানীর কদমতলীতে ভবনের ছাদ থেকে মাথার ওপর পানির ট্যাংকি পড়ে জামেলা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হওয়া রিয়াদুল ইসলাম রনি (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাসপাতালটির নতুন ১০ তলা ভবনের সপ্তমতলা থেকে লাফিয়ে পড়েন।

দোলাইরপাড়ে শ্বশুরবাড়ি থেকে গতকাল বেলা ৩টার দিকে রাফির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। শ্যামপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রাফিকে উদ্ধার করা হয়।

এসআই মো. সাইফুল দেশ রূপান্তরকে বলেন, ‘রাফি প্রায় সাত মাস আগে আফসানা নামে এক নারীকে বিয়ে করেন। তারপর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

রায়েরবাগের বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ : রাজধানীর রায়েরবাগ এলাকার বাসা থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

এই শিক্ষার্থীর নাম মো. হাসান (১৭)। সে জনতাবাগ উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। তার বাবার নাম ইলিয়াস হোসেন। রায়েরবাগের জনতাবাগ এলাকায় নিজেদের বাসার দোতলায় থাকে পরিবারটি।