কোমর দুলিয়ে নেচে ভাইরাল এমপি মহুয়া মৈত্র!

সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য (এমপি) মহুয়া মৈত্র। কখনও মোদি সরকারকে তুলোধোনা, বল পায়ে মাঠেও তার দেখা মিলেছে। এবার সেই মহুয়া মৈত্রকেই দেখা গেল জনপ্রিয় গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে। 

শুক্রবার (৩০ অক্টোবর) পঞ্চমীতে নিজের লোকসভা কেন্দ্রের একটি পূজামণ্ডপে অন্য ভূমিকায় দেখা গেল মহুয়াকে।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পূজার সময় বাঙালি মাত্রই আনন্দে ভাসেন। রাজনীতিবিদরাও তার ব্যতিক্রম নন। ক’দিন আগেই কাঁধে ঢাক তুলে নিয়ে বাজনা বাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাসর বাজিয়ে তাতে সঙ্গত করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। 

পঞ্চমীতে মমতার দলেরই আরেক নেত্রী মহুয়া নেচে উঠলেন ‘সোহাগ চাঁদ বদনি ধনী’র তালে তালে। শুক্রবার আরও অনেকের সঙ্গেই মহুয়াকে ছন্দ মিলিয়ে নাচতে দেখা যায়। তিনি নিজেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন।

মহুয়া বলেন, পঞ্চমীর সন্ধ্যায় তিনি নাকাশিপাড়ার বেথুয়াডহরির কাঁঠালবেড়িয়া মধ্যপাড়ার পূজা দেখতে গিয়েছিলেন। সেখানেই নাচের ছন্দে মেতেছেন কৃষ্ণনগরের সংসদ সদস্য।